নারী যাত্রীদের জন্য ১৩টি রুটে আরও ১০০টি ‘পিংক বাস’ নামানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
জয়া ২৪
নারীদের নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে নগরীর ১৩টি রুটে আরও ১০০টি বিশেষ ‘পিংক বাস’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতকারী নারী শিক্ষার্থীদের ও কর্মজীবী নারীদের চলাচলের সুবিধা বাড়াতে দ্রুত এসব বাস সড়কে নামানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্যরা উল্লেখ করেন যে, বর্তমানে চালু থাকা মাত্র ১৪টি পিংক বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
বৈঠকে নারী যাত্রীদের ভোগান্তি কমাতে এবং দ্রুত সময়ের মধ্যে ১০০টি নতুন বাস প্রস্তুত করে নির্দিষ্ট রুটগুলোতে নামাতে নির্দেশ দেওয়া হয়। এর ফলে গণপরিবহনে নারীদের হয়রানি অনেকটাই হ্রাস পাবে এবং নারীদের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে উপস্থিতি আরও উৎসাহিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।